ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস

সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সরকারের আহ্বান করা দরপত্রে আট হাজারের বেশি সেবাদাতা আবেদন করেছেন। আরও বেশি সেবাদাতাকে সুযোগ দিতে আবেদনের সময় তিন মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আনার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম পাঁচ বছরে ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের জন্য ১০ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে সরকার নীতিমালা তৈরি করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ-সংক্রান্ত আইন সংসদে আনা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার জাতীয় পর্যায়ে দুই দিন সৌরবিদ্যুৎ প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে আগ্রহ দেখিয়েছেন। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরেও এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ জারির পর দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

বাড়ির ছাদে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকায় কিনবে বলে জানান বিদ্যুৎমন্ত্রী। তাঁর হিসেবে, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ আট টাকা খরচ হতে পারে। ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে প্রতি ইউনিটে দুই টাকা আয় করতে পারবেন উৎপাদনকারীরা।

তিনি বলেন, বাড়ির মালিকেরা নিজেদের বিদ্যুতের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন। এ জন্য সৌরবিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ, অন্য মন্ত্রীদেরও অনুসরণের প্রত্যাশা সৌরবিদ্যুতের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে নাই। উনার বাসাতে পুরো সোলার দিয়ে চলে। উনি ব্যাটারি লাগিয়েছেন। সেই ব্যাটারি ব্যাকাপে ২৪ ঘন্টা উনার বাসায় বিদ্যুৎ জ্বলে।’

প্রধানমন্ত্রী নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অন্যদের উৎসাহিত করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

তাঁর বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আপনার মাধ্যমে সংসদ জানল, সারা জাতি জানল, মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে উনার বাড়িতে সোলার স্থাপন করেছেন। আমরা প্রত্যাশা করছি মাননীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য তা অনুসরণ করবেন। মাননীয় বিদ্যুৎমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ধন্যবাদ।’

এরপর বিদ্যুৎমন্ত্রী আবার বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে বলেন, ‘আমি আমাদের বাড়িতেও সোলার লাগাচ্ছি লাগানো শুরু হয়ে গেছে।’

সরকারি দপ্তরগুলোতেও সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

ছোট উদ্যোক্তারাও ব্যবসা করতে পারবেন:

এর আগে শওকত আরা আক্তার জানতে চান, সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যবসায় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ বা বিশেষ সুবিধা দিতে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না।

জবাবে মন্ত্রী জানান, আট হাজারের বেশি আবেদনকারীর মধ্যে ছোট ও বড় উভয় ধরনের উদ্যোক্তা রয়েছেন। ছোট উদ্যোক্তারাও দুই থেকে চারটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করে ব্যবসা করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখা হয়নি।

মন্ত্রী বলেন, সরকার সৌরবিদ্যুৎ স্থাপনের দাম নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত দামে কাজ করলে উদ্যোক্তাদের অনুমতি দেওয়া হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের প্রচার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন