ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা আগের প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রোববার সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা’ সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা, কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবগণ এবং সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে টেকসই পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে এ বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে এবং এর ভিত্তিতে এলাকাগুলোর সীমানা পুনরায় নির্ধারণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, সমুদ্র তীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার ও পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট ছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সবকিছু সমন্বিতভাবে অন্তর্ভুক্ত থাকছে এবং মাস্টারপ্ল্যান অনুমোদিত হওয়ার পর সে অনুযায়ীই সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দ্বীপ দুটিতে পরিবেশের কোনো ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মহেশখালীতে চলমান মেগা প্রকল্পগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব ও টার্মিনালসহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে, যা দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে।

উন্নয়ন কাজে যেন কোনো ধরনের দ্বৈততা বা ওভারল্যাপিং না ঘটে, সেজন্য ‘মিডা’র সাথে নিবিড় সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করা হচ্ছে।

এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আকৃষ্ট হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন