চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আজ রোববার দেশের সবগুলো সরকারি উৎপাদন ইউনিট, বিতরণ সংস্থা ও সঞ্চালন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনলাইনে এ সংক্রান্ত বৈঠক করে বিদ্যুৎ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে সব সংস্থাকে জরুরি নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মসূচি চলাকালে থানাসহ সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা দেখা যাচ্ছে। তবে চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়নি।





