সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তিনি দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলা পরিদর্শন করবেন।
বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, পুনর্বাসন ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে যাবেন উত্তরের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে। সেখানে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ফটিকছড়ি থেকে সড়ক পথে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে (হাটহাজারী মাদরাসা) যাবেন। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম শাহ আহমদ শফির কবর জিয়ারত শেষে জেলা পরিষদ বাংলোতে দুপুরের খাবার গ্রহণ করবেন।
এরপর হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষে প্রধানমন্ত্রী দলের চট্টগ্রাম নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন রেডিসন ব্লুতে। তারপর চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুরের রহমান শামীম কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফর করবেন।
সফরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া ফটিকছড়ি হাটহাজারী সফর করবেন। লাঞ্চের পর চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় এবারের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে দুর্ভোগের চিহ্ন। সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় কৃষি খাতের পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, নলকূপ, ল্যাট্রিন, স্কুল-কলেজসহ বিভিন্ন খাতে এক হাজার ৪৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রতিবেদনে ক্ষয়ক্ষতি কমাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন মতে, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়া-ছনুয়া বাজার সড়ক এখন কাদা, গর্ত আর ভাঙনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছনুয়ার সেই সড়ক পরিদর্শন করার কথা রয়েছে।
বার্তা বাজার/আইকে






