ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী এখন ক্ষমতায়: মির্জা আব্বাস

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

জামায়াত ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী এখন ক্ষমতায়: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং সেখান থেকে তারা আসন্ন জাতীয় নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

শনিবার ঢাকার কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

এর আগে, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা-৮ আসনের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে শান্তিনগরের ইস্টার্ন পয়েন্ট আবাসিক এলাকার ১৮০টি ফ্ল্যাট মালিকের সঙ্গে পৃথক সভায় অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষ একটি জোটের প্রার্থীদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন তারা যেন আগেই ক্ষমতায় বসে আছে। আসলে তারা ক্ষমতায় বসেই আছে। এখান থেকেই ক্ষমতা নিয়ন্ত্রণ করে নিজেদের মতো করে নির্বাচন করতে চায়।’

তিনি অভিযোগ করেন, সরকারের একটি মহল কয়েকজন প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার জন্য তালিকা করেছে। প্রশাসনের উচ্চপর্যায়ে কারও কারও প্রতি দুর্বলতার ইঙ্গিতও দেন তিনি। তার ভাষ্য, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলা হলেও পক্ষপাতিত্ব হচ্ছে। কেউ কেউ আগেই বলছেন তারা জিতে গেছেন। আবার সরকারের ভেতর থেকেও কারও কারও সংসদে যাওয়ার কথা বলা হচ্ছে। ভোট পাক বা না পাক, তাদের সংসদে পাঠানো হবে–এমন ধারণা তৈরি হয়েছে।’

বিএনপিকে উদ্দেশ করে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি গত ১৭ বছর ক্ষমতায় ছিল না। আন্দোলনের পর যারা ক্ষমতায় এসেছে, তারাই নির্বাচন সূচি নির্ধারণ করেছে, কমিশনে বসেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে। এখন বিএনপিকেই টার্গেট করা হচ্ছে।’

পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর জেলে থেকেছি, আন্দোলন করেছি। তাই ২৪-এর আন্দোলনের একক দাবিদার কেউ নয়। কিন্তু এখন কেউ কেউ এমনভাবে কথা বলছেন যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি, কিন্তু ক্ষমতা দাবি করিনি। অথচ যারা তখন স্কুল-কলেজে পড়াশোনা করছিলেন, তারাই আজ নানা দাবি করছেন। সামনে আরও কঠিন সময় আসতে পারে। যে সরকারই থাকুক, বিশ্বের কিছু শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না।’

মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু মানুষ ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করেন এবং নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চান। তবে জনগণ সুযোগ পেলে সঠিক সিদ্ধান্ত নেয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে এলাকার মানুষ তাদের সংসদ সদস্যকে দেখেননি, শুধু নাম শুনেছেন। ‘কোথায় থাকেন, ঠিকানা কী–কেউ জানে না। আমি নিজেও খুঁজে পাইনি’, বলেন তিনি।

তিনি দাবি করেন, তিনি দীর্ঘদিন এলাকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। রমনা পার্কে টয়লেট নির্মাণ, বৃক্ষরোপণ, পানির ব্যবস্থা ও ধুলাবালি কমাতে পানি ছিটানোর উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

সভাগুলোতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!