ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো গাড়িতে চড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি নিয়ে শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুজব ও অপপ্রচার’ ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউন করা হবে।’

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপি নেতা।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সকল কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউন করা হবে। যেই গাড়িকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে, সেই গাড়িটিই থাকবে শোডাউনের সামনে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সৈনিক, শহীদ জিয়াউর রহমানের সৈনিক, কোনো সাবেক, নির্যাতিত বা অবহেলিত বিএনপি নেতাকর্মীর ভয় পাওয়ার কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সম্মান ও উপযুক্ত মূল্যায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চলবে। সকল নির্যাতিত ও অবহেলিত সাবেক বিএনপি নেতাদের শোডাউনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন’ বলে অভিযোগ তুলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের (এনসিপির আহ্বায়ক) বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দিন পাটওয়ারী সবসময় বলতো আওয়ামী লীগের বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো!’

প্রশ্ন তুলে তিনি পোস্টে বলেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্যারাডো (প্রাডো) গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’

‘এ বিষয়ে এনসিপি দলীয় কোনো ব্যবস্থা নেয় কি না,’ তা দেখার অপেক্ষায় আছেন বলেও পোস্টে জানান তিনি।

এ বিষয়ে জানতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি বলেন, ‘এটা রাশেদ খাঁনকেই জিজ্ঞেস করেন। যিনি পোস্ট করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। আমি যদি আপনাকে বলি, তাহলে সেটা হচ্ছে—মিথ্যা তথ্য দিয়েছেন।’

এদিকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে এসেছে, লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী যে গাড়িটি ব্যবহার করেছেন, তার মালিক মনিরুল হক ভুঁইয়া, যিনি তুষার ভুঁইয়া নামেও পরিচিত। তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং পরে ২০২৪ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

তুষার ভুঁইয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যিনি বাচ্চু ভুঁইয়া নামেও পরিচিত, ১৯৮৮ সালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিএনপির প্রার্থী হন। তিনি মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

দ্য ডিসেন্টের হাতে আসা বিভিন্ন ছবি ও অন্যান্য তথ্যেও তুষার ভুঁইয়াকে শেখ হাসিনার শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেও দেখা যায়।

তবে ডিসেন্টের এমন দাবির পর পাল্টা পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ‘শাহজাহান ওমর যেভাবে ২০২৪ সালের ডামি নির্বাচন পর্যন্ত বিএনপি করতেন। পরবর্তীতে এই গাড়ির মালিক বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মন্ত্রী শাজাহান খানের হাত ধরে উপজেলা চেয়ারম্যান হন। এবং ২০১৯ সাল থেকে যখন বিএনপি স্থানীয় নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন শুরু করে, তখন এই গাড়ির মালিক নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে দেখাতে সহযোগিতা করে! অথচ এই আওয়ামী ল্যাসপেন্সারকে বিএনপির সাবেক নেতা বলা হচ্ছে!’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন