জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবার যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন; আপনারা পালানোর জায়গা পাবেন না। দেশের জনগণের মধ্যে নীরব বিপ্লব ঘটে গিয়েছে। বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়।
রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর দেশের মানুষ কোন পথে যাবে, কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।’
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘বিগত তিনটি নির্বাচন যেভাবে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষকে কবর থেকে এনে আপনারা ভোট দিয়েছেন। জনগণের ক্ষমতাকে প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন। এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনষ্টেবলের বাসায় টাকা যেত নির্বাচনের আগের দিন। এবার যদি অবৈধ একটি টাকা ধরে দেখেন। বাংলাদেশের জনগণ যখন জাগে কামান দিয়ে আটকে রাখা যায় না। এবার যদি ভোট ডাকাতির চেষ্টা করেন পালাবার পথ পাবেন না।
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ।






