নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন–এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস।
তিনি বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, সেই দোয়া চাই। এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে অশান্তি সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে, যাতে এখানে মারামারি বাধে। আমি ওদিকে যাব না। তারা নির্বাচনে সংকট তৈরির অনেক চেষ্টা করছে।’
রোববার ঢাকার আরামবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফকিরাপুল, কমলাপুর কালভার্ট রোড থেকে বাবে রহমত উটখামার এলাকা এবং সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কলেজসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। রাতে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার এলাকাতেও প্রচারণায় অংশ নেন।
তিনি অভিযোগ করেন, কয়েকটি দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফল পরিবর্তনের অপচেষ্টা হতে পারে। তার দাবি, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ, তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’
মির্জা আব্বাস আরও প্রশ্ন তোলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ ফেব্রুয়ারির পর ক্ষমতায় এসে দেখে নেওয়ার হুমকি দেয়। তার মতে, সরকারের গুরুত্বপূর্ণ স্থানে তাদের লোকজন থাকায় তারা এমন বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে।






