ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ এএম

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক আসনে ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ভোট গণনার কাজে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন—রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসির সদস্যরা, তারা নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিলম্ব করছেন। ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে দায়িত্বরত এজেন্টদের কাছ থেকে পাওয়া শিট অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি।”

তিনি দাবি করেন, কিছু আসনে প্রথমে যে শিটে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেছেন কিছু সময় পর সেটি পরিবর্তন করা হয়েছে। তার অভিযোগ, ঢাকা-১৭ আসনে এ ধরনের ঘটনা ঘটেছে এবং কমপক্ষে আটটি আসনে একইভাবে পরিবর্তন আনা হয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “কর্মকর্তারা ভুলের কথা বলে ফলাফল চেঞ্জ করেছেন এবং এসব আসনে কাটাকাটি করে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য।”

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে তাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি। এ বিষয়ে ইতোমধ্যে তারা প্রেস কনফারেন্স করেছেন এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকার প্রায় সব আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীদের ফলাফল ঘোষণায় গড়িমসি করা হয়েছে, বিশেষ করে ঢাকা-১৫ আসনের এমন প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে জামায়াতের আমির নির্বাচন করেছেন। ওই আসনে তিন লাখের কিছু বেশি ভোটার এবং ১১৯টি কেন্দ্র রয়েছে।” তার দাবি, বড় বড় আসনে দ্রুত ফলাফল ঘোষণা করা হলেও ওই আসনে এখনও ফলাফল দেওয়া হয়নি। অথচ, এক প্রার্থী পাস করার দাবি করলেও তাদের হিসাবে ২০ হাজার ভোটে এগিয়ে আছেন জামায়াতের আমির।

তিনি অভিযোগ করে বলেন, “একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টরা ষড়যন্ত্রমূলকভাবে জড়িত। সারাদেশের আসন নিয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনায় একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের চিত্র পাওয়া যাচ্ছে।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। ১৪০০ শহীদ হয়েছেন, এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা আগেও বলেছি ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন