ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা আমার সংগঠনকে দিয়েছেন, এটাই সবচেয়ে বড় অর্জন: খালিদুজ্জামান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা আমার সংগঠনকে দিয়েছেন, এটাই সবচেয়ে বড় অর্জন: খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান। তিনি এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজের এক পোস্টে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. খালিদুজ্জামান লেখেন, নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না এলেও, আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা, সমর্থন ও আস্থা আপনারা একজন ‘চিকিৎসক’ খালিদকে এবং আমার সংগঠনকে দিয়েছেন; এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

জামায়াতের এই প্রার্থী আরও বলেন, কাল থেকে সারাদেশে যে নীরব দৃশ্যপটের সাক্ষী আপনারা হয়েছেন, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা ১৭ নিশ্চয়ই তার বাইরে নয়। অনেক জায়গায় আমরা সামান্য ভোটে পিছিয়ে থেকেছি। কিন্তু এই অল্প ব্যবধানই প্রমাণ করে–মানুষ পরিবর্তন চায়, মানুষ বিকল্প চায়, মানুষ নীতিভিত্তিক রাজনীতি চায়। এই জাগরণই আমাদের শক্তি।

ডা. খালিদুজ্জামান লেখেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ত্যাগী নেতা-কর্মী ও সমর্থকদের, যারা দিন-রাত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে সরে যাননি। আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না, ইনশাআল্লাহ। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাদের বলবো, আমরা এক চির অমসৃণ পথের যাত্রী।‌ কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা।

জামায়াতের এই প্রার্থী বলেন, আজ ফলাফল যাই হোক, মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে; তা থামবে না। যারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে সিল দিয়ে আমাদের ভালোবাসা প্রদর্শন করেছেন, সেটাই হবে আগামী দিনের জন্য আমাদের সবচাইতে বড় পুঁজি। আমাদের আরও গোছালো হতে হবে, আরও দক্ষ হতে হবে, আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান আল্লাহ কখনো পরিশ্রম ও নিয়তকে বিফল করেন না।

পোস্টের শেষে ডা. খালিদুজ্জামান লেখেন, আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা। আমি আশা করি-তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আমার মতো ক্ষুদ্র মানুষ কোনো সহযোগিতায় করতে পারলে তা হবে আমার সৌভাগ্য। আমরা গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবো। আপনাদের ভালোবাসা আমার শক্তি। যোগ-বিয়োগের খেলায় আমি হেরে গেলেও আপনারাই বিজয়ী হয়েছেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো–ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন