সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘শহীদ মিনারে ওনাকে (জামায়াত আমির) জব্দ করার একটা প্রবণতা দেখা গেছে। দরকার নেই তো। অনেকে বলছেন, ‘আমরা জামায়াতকে বিশ্বাস করি না।’ করবেন না বিশ্বাস, করতে বলেনি তো কেউ।
আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন। কোনো সমস্যা নাই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘৫২ সালের পর থেকে এই ৭৪ বছরে জামায়াতে ইসলামের কোনো আমির বা শীর্ষ নেতা কখনো শহীদ মিনারে যাননি।
এবার প্রথম গিয়েছেন। তো আমরা কী বলব, আপনি এত বছর কেন এলেন না? এটা কী প্রশ্ন? নাকি এবার যে গেলেন এটাকে আমরা প্রশংসা করব যে আপনি এসেছেন আমরা খুশি হয়েছি।’
সাংবাদিকের প্রশ্ন নিয়ে তিনি বলেন, ‘একটা প্রশ্ন করতেই পারে, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন করা হয়েছে, জামায়াত কি এটাকে এখনো নাজায়েজ মনে করে কি না।
তখন উনি একটু বিরক্ত হয়েছেন এবং বলেছেন এ রকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। এটা বলে উনি বিরক্তি প্রকাশ করে চলে গেছেন।’
এমন প্রশ্ন করে জামায়াতকে আলাদা না করার ইঙ্গিত দিয়ে মাসুদ কামাল বলেন, ‘আমি সব সময় চাই, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ না হলে এই জাতিকে আপনি অগ্রসর করতে পারবেন না। ঘরের মধ্যে ঘর বানাবেন না।
ঘরের মধ্যে শত্রু বানাবেন না। ঘরের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিপক্ষ থাকবে না।’
তিনি বলেন, ‘ওনারা যে কাজটা এত বছর করেননি, সেটা যদি এখন করতে শুরু করেন, সমস্যাটা কোথায়? বরং এটাকে এনকারেজ করেন। তাহলেই তো হয়ে যায়।’






