ময়মনসিংহে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা। তিনি বাবুল মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। ময়মনসিংহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ইতিহাসে এটিই প্রথম যাবজ্জীবন কারাদণ্ডের রায়। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিকে জেলহাজতে পাঠানো হয়।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরছিল। পথে রুবেল মিয়া শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মজিবুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর মতে, এ রায় সমাজে শিশু নির্যাতন প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।
বার্তা বাজার/এস এইচ






