চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও এ সময় জব্দ করা হয়।
শনিবার (২৩ মে) বিষয়টি জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে ১ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। মাদক বহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যানও জব্দ করেছে আভিযানিক দল।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






