ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়: রুমিন ফারহানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়: রুমিন ফারহানা

বিতর্কিতভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, মূলত তারাই এই সিনেমা বন্ধ করেছে।

সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ১ নম্বর গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বনলতা এক্সপ্রেস সিনেমা বন্ধের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার সম্পত্তি নয়, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কারও একার সম্পত্তি নয়। ৭১ ও ২৪ উভয় সময়েই দেশের আপামর জনগণ রাজপথে নেমেছিল।

তিনি অভিযোগ করে বলেন, কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে সরকার বিপদে পড়বে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে এ দেশে সকালে আজানের সুমধুর ধ্বনি শুনেছি, মন্দিরের ঘণ্টাধ্বনি শুনেছি, বাউলদের গান শুনেছি। কিন্তু হঠাৎ করে দক্ষিণপন্থী ও ডানপন্থী চরমপন্থার উত্থান দেখা যাচ্ছে। আমরা দেখেছি মাজার ভাঙচুর হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন বাংলাদেশ আমরা আগে দেখিনি।

বনলতা এক্সপ্রেস সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র। যে কেউ এই সিনেমা দেখতে পারে। একটি পারিবারিক সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান থেকে সিনেমাটির প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!