ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী-কুরুলিয়া নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুটি দীর্ঘদিন ধরে বালুবাহী বাল্কহেডের অব্যাহত ধাক্কার মুখে রয়েছে। প্রতিনিয়ত সংঘটিত এ ঘটনায় সেতুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় সূত্র ও নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ জানায়, নদীপথে চলাচলকারী বালুবাহী বাল্কহেডগুলো নিয়মিত সেতুর পিলার ও কাঠামোর সঙ্গে ধাক্কা দিচ্ছে। এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সংগঠনটির দাবি, বিষয়টি এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে অবহিত করা হয়েছিল। সে সময় সেতু রক্ষায় গার্ডার স্থাপনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সেতুর গায়ে একটি পিভিসি সতর্কতামূলক ব্যানার টানিয়ে দায়সারা দায়িত্ব পালন করা হয়েছে, যা কয়েক বছর ধরে ঝুলছে।
এ অবস্থায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ দ্রুত সেতু রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা গ্রহণ, নৌযান চলাচলে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়দেরও দাবি, জননিরাপত্তার স্বার্থে এবং গুরুত্বপূর্ণ এই রেলসেতুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।






