নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান খানকে নিজ দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আর হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. মোঃ আতিকুর রহমান খান বর্তমান দায়িত্বের পাশাপাশি আরএমও (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, বর্তমানে আরএমওর দায়িত্বে থাকা ডা. মো. রোকনুজ্জামানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ডা. আতিউর রহমান খানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা, চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করা এবং দায়িত্ব বণ্টনে শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে। এমন প্রেক্ষাপটে আরএমও পদে নতুন দায়িত্ব অর্পণের মাধ্যমে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।






