ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিচার চেয়ে থানায় ছেলের মারধরে আহত মা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

বিচার চেয়ে থানায় ছেলের মারধরে আহত মা

নোয়াখালীর হাতিয়ায় মোহছেনা বেগম (৯০) নামে এক ‍বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ করেছেন ওই বৃদ্ধা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছেলে মো. আরিফ উদ্দিন।

শনিবার (১ আগস্ট) বিকেলে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। মোহছেনা বেগম উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে মো. আরিফ উদ্দিন, পুত্রবধূ ও পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মোহছেনা বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। সর্বশেষ শনিবার সকালে তারা বসতবাড়িতে গিয়ে তাকে মারধর করেন। এ সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বসতঘরে থাকা গবাদি পশু জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে মোহছেনা বেগমকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা অন্য পুত্রবধূ জান্নাত বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলায় আহত মোহছেনা বেগম ও জান্নাত বেগমকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে মোহছেনা বেগম থানায় লিখিত অভিযোগ করেন।

মোহছেনা বেগম বলেন, ‘যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছি, সেই সন্তানই আমার ওপর হামলা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে আমার জীবনের নিরাপত্তা চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছেলে মো. আরিফ উদ্দিন বলেন, আমি আমার মাকে মারধর করিনি। আমার ভাইয়ের বউ আমাদের সঙ্গে ঝগড়া করছিল। তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। মাকে মারধরের বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, বৃদ্ধাকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জাহাজমারা তদন্তকেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন