ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্র আল আরাবির এমন অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গতরাত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
নিহত আল আরাবি হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে। সে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং পরিবারের সঙ্গে জেলা শহরের মর্ডান মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আল আরাবি নিখোঁজ ছিল। সন্ধ্যা পার হয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি অভিযান চালায়। ডুবুরি দল পানি থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা বাজার/এআর






