মাদকের টাকায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের টেকনাফ সদরের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল্লাহকে ৪ বছর ও তার বাবা আবুল বশরকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আব্দুল্লাহকে ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। এসময় আসামীরা আদালতে হাজির না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, ‘৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল্লাহকে ৪ বছর কারাদণ্ডের পাশাপাশি ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একই সাথে ছেলে আব্দুল্লাহকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয় আবুল বশরের বিরুদ্ধে। ২০১৬ সালের ২ নভেম্বর ২০ লাখ টাকা দিয়ে একটি জমি কেনেন বশর। তিন মাসের মধ্যে, ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি ওই জমি বড় ছেলে আব্দুল্লাহকে হেবা করেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ আগস্ট দুদক মামলাটি দায়ের করে। ২০২৬ সালের ৩০ জুন বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।






