চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির আনোয়ারা উপজেলার সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনকে রামদা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতুরী চৌমহনী বাজারে এঘটনা ঘটে।
ঘটনারপর গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও দেলোয়ারের সহকর্মী মো. জুলফিকার বলেন, ‘দুর্বৃত্তরা কোনোকিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে পালিয়ে যায়, তার পেছনে ঘাড়ে বেশি জখম হয়েছে, উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি, তার শারীরিক অবস্থা খুব খারাপ।’
দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, চাতরী চৌমহনী বাজারে ব্যবসায়ীদের কিছু বিষয় নিয়ে সকাল থেকে উত্তেজনা চলছে শুনলাম, এটা আমাদের বিষয় নয় কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে বিএনপির কিছু সন্ত্রাসী কোনো কারণ ছাড়া আমাদের উপজেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনকে রাতের আঁধারে অতর্কিত কুপিয়ে জখম করে। আমরা প্রশাসনকে এসব সন্ত্রাসীদের আজকের রাতের মধ্যে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘এনসিপি নেতার ওপর হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’






