বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম তার মাকে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের মৃত্যুর খবর জানান শফিউল। তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শফিউল। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশের স্মরণীয় জয়ের অন্যতম নায়ক ছিলেন শফিউল। মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ২ উইকেটের জয় এনে দেন তিনি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল।






