ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাবনায় ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯টি

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

পাবনায় ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯টি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি, আর সাধারণ ভোট কেন্দ্র ৪৩৩টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি।

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, পাবনা জেলায় ভোটগ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনী ১ হাজার ২০০ জন, পুলিশ ২ হাজার ৩০০ জন,  র‌্যাব ১২০ জন, আনসার ৯ হাজার ১২৬ জন মোতায়ন থাকবে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে। তার মধ্যে তিনজন থাকবে অস্ত্রধারী। ভোট কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব টহল থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত থাকবেন।

এ ছাড়া, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। সবমিলিয়ে আমরা একটু সুন্দর ও নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন পাবনাবাসীকে উপহার দিতে চাই।

পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

এর মধ্যে পাবনা-০১ আসনে লড়ছেন ৪ জন প্রার্থী। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ভোট কেন্দ্র ৯৪টি।

পাবনা-০২ আসনে রয়েছেন ৫ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। ভোট কেন্দ্র ১৪০টি।

পাবনা-০৩ আসনে লড়ছেন ৮ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন। ভোট কেন্দ্র ১৭৬টি।

পাবনা-০৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। ভোট কেন্দ্র ১২৯টি।

পাবনা-০৫ আসনে ৪ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। ভোট কেন্দ্র ১৬৩টি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!