চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটের ঠিক আগমুহূর্তে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা পৃথকভাবে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানান।
মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি জিএম ওসমান, মো. সোয়েব, ডা. মো. ইউসুফ, ফটিকছড়ি উপজেলা সভাপতি সালমান সোলাইমানসহ দলীয় নেতাকর্মী এবং বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে রবিউল হাসান তানজিম জানান, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত সোমবার রাতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানান।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু, নায়েব আমির অ্যাডভোকেট ইসমাইল গণিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আহমদ কবির করিম জানান বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার সমর্থকদের সংশ্লিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।






