পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীদের হামলায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম জানা যায়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ করেন।
আহত জামায়াত নেতা জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের কথা-কাটাকাটি হয়। এ সময় জিল্লুর তাঁদের একজনকে থাপ্পড় মারেন। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় কালিনজিরা ব্রিজের ওপর তাঁর ওপর হামলা চালানো হয়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হামলার খবর শুনে রাত ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মীরা থানা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। তাঁরা আসামিদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের কাজ চলছে। দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। তবে গ্রেপ্তারের স্বার্থে তিনি হামলাকারীদের নাম জানাতে অস্বীকৃতি জানান।
বার্তা বাজার/এস এইচ






