ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

ভালুকায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশ থেকে মো. মোস্তাক (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী গফুর মৌলভীর মাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মোস্তাক (২৫)। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মুস্তফা কামালের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হবিরবাড়ী ইউনিয়নের আমতলী টাওয়ার এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচা মোখলেছুর রহমান জানান, মোস্তাক বেশ কয়েক বছর ধরে ভালুকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। প্রায় এক বছর আগে পরিবারের অজান্তে নেত্রকোনার রত্না নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। এরপর স্ত্রীকে নিয়ে ভালুকার সিডস্টোর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকালে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি ফোন নম্বর পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এসে মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও বলেন, ‘মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে পুরোনো কাটা দাগ দেখে নেশাগ্রস্তের লক্ষণ পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!