ভেঙে পড়ল নির্মাণাধীন গোডাউনের ছাদ, ধ্বংসস্তূপের নিচে আটকা অর্ধশত
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার তারাতলায় ভেঙে পড়ল নির্মাণাধীন একটি গোডাউনের ছাদ। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকা পড়ার শঙ্কা করা হচ্ছে। তারাতলা ব্রেসব্রিজের কাছে গোডাউনটি অবস্থিত।
তিনতলা গোডাউনটি নির্মাণাধীন ছিল। লোহার বড় বড় বিম সহ ভেঙে পড়েছে গোডাউনটি। এতে ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০-৬০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চায়ের গোডাউন ছিল এটি। তিনতলা ভবনের উপরের দুইতলা আগেই ঢালাই হয়ে গিয়েছিল। বুধবার (২৪ জুন) একতলার ছাদ ঢালাই চলছিল। নির্মাণের সময়েই একবার সেটি ভেঙে পড়ে। তারপর সেটা কোনোভাবে ঠিক করে আবার পুরো ‘সেট-আপ’ দাঁড় করানোর চেষ্টা করছিলেন কর্মীরা। তখনই হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী মতে, ভবনের ভেতরে অনেকেই আটকে থাকার কথা। কারণ সবাই ভিতরেই ছিলেন। একটা ছোট্ট অফিস করা হয়েছিল, সেখান থেকে কাজ পরিচালনা করা হতো। শ্রমিকরা ছিলেন। অনেকে এমনিই বসে ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধার কাজে সহযোগিতার জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ারব্রিগেড ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সংস্থার সদস্যরা। গ্যাস কাটার দিয়ে বড় বড় লোহার বিম কেটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। নিয়ে আসা হয়েছে বড় ক্রেন ও জেসিবি মেশিন। উদ্ধারের পর আহতদের হাসপাতালে নিয়ে যেতে এলাকায় ঢুকছে একের পর এক অ্যাম্বুলেন্স। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।






