ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে: ব্রাজিলের কিংবদন্তি রবার্তো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে: ব্রাজিলের কিংবদন্তি রবার্তো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে।

সম্প্রতি সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, তিনি ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তবে ইসলাম গ্রহণের খবর সত্য নয়।

তিনি বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে। কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি—এমন প্রচারিত খবর সত্য নয়।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একজন নেতার সঙ্গে সাক্ষাতের সময় রবার্তো কার্লোস কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) একজন আইনপ্রণেতার বক্তব্যের পর এ খবর আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ইসলামি রীতিতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এতে তার ইসলাম গ্রহণের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে কার্লোস জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাতেই তাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের জন্য এক ধরনের আয়োজন করা হয়। অন্যদিকে তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য ইসলামি রীতিতেও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সৌহাইলা আল তাহিরি একজন ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। রবার্তো কার্লোস জানান, ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় হয়। প্রায় দুই বছর ধরে তারা ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন।

সূত্র: সৌদি গেজেট

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন