নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেয়া হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোট দেয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি সংসদ সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।
নির্বাচনী কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম রয়েছে কি না, তা দেখে নিতে হবে।
এআর






