দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তাদের জনসম্পদে পরিণত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার বিকেলে পবার নওহাটা উচ্চ বিদ্যালয়ে মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবা উপজেলা, নওহাটা পৌরসভা, কাটাখালী পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেওয়া নানা যুগান্তকারী পদক্ষেপ এবং সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য শফিকুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে কর্মমুখী করার জন্য সকাল ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং মানুষের দুটি হাতকে জনসম্পদে রূপান্তরিত করতে চান। তাঁর অনুসারী হিসেবে আমরাও সবার কল্যাণে কাজ করে যাব।”
জনগণের জীবনমান উন্নয়নে দলের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ৪১ লাখ মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এছাড়া, দেশের সব কৃষককে ‘কৃষি কার্ড’ দেওয়া হবে এবং সবার জন্য যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের জন্য বিশেষ ভাতার উদ্যোগের কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, “দেশের মসজিদ, মন্দির ও গির্জায় যে সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পুরোহিতরা আছেন, তাদের জন্য আমরা ভাতা চালু করেছি। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সবাইকে এই সম্মানী ভাতা প্রদান করা শুরু হবে।”
অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরে এমপি মিলন আরও বলেন, “আগে মানুষ জানতো না যে জাতীয় সংসদ থেকে কী কী সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে আমার মা-বোনেরা এসব সম্পর্কে জানেন এবং সুবিধা পেতে শুরু করেছেন। আমাদের নজর আছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।”
পরে নওহাটা কলেজ মোড় থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দল মান্নাফ মুন্নাফ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।






