দুর্নীতি ও অনিয়মের অভিযোগসহ নানা কারণে স্থানীয়দের আন্দোলনের পর স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া মেহেরপুর সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান শিমুকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার এই নিয়োগ আদেশ দেওয়া হয়। একই আদেশে বর্তমান উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।
যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে শাহরিয়া শায়লা জাহান গত বছরের জানুয়ারি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) হিসেবে দায়িত্ব পান। ওই সময় তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। এর মধ্যে একই বছরের এপ্রিলে রোগীর স্বজন ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাগবিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে বাধ্য হন। ওই সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে ‘হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
ওই সময় সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে শাহরিয়া শায়লার বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন শুরু করেন। একই বছরের ১৪ অক্টোবর এক মানববন্ধনে স্থানীয়রা বলেন, এই হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটি হাসপাতাল তৈরি হয় সর্বসাধারণের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢ়ুকতে হয়। বর্তমান তত্ত্বাবধায়ক ঠিকমতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা, উগ্র আচরণসহ নানা অভিযোগের কারণে দ্রুত তার অপসারণের দাবি জানানো হচ্ছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। তার স্থলাভিষিক্ত হন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল কবির।






