তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় বললেন, ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না।
আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার জন্য বরাদ্দকৃত সব কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন। ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, কারণ ভোলা আমাদের সবার।
এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।






