ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাঁধনকে হেনস্তার ঘটনায় যে বার্তা জয়ের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

বাঁধনকে হেনস্তার ঘটনায় যে বার্তা জয়ের

বাঁধনকে হেনস্তার ঘটনায় যে বার্তা জয়ের

বিনোদন ডেস্ক : ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। দেশে ও বিদেশে দলমত নির্বিশেষে সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি কোনো শিল্পী বিপদে পড়লে অন্য শিল্পীদের তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘দেশে এবং বিদেশে দলমত নির্বিশেষে সকল শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবী রইল। মব কে সমর্থন করিনি। কখনো করবো ও না।’

 শিল্পীদের বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় আরও লেখেন, ‘আর কোন শিল্পী বিপদে পড়লে সহ শিল্পী হিসেবে আপনি হাইসেন না। আপনার বেলায় যারা হেসেছিল তারাও অন্যায় করেছিল। কোথাও না কোথাও থামতে হয়। শিল্পীরা ঐক্যবদ্ধ থাকুন। শিল্পীদের ঐক্যবদ্ধ রাখুন।’

জয়ের এই বক্তব্য আসে ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগের পর। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

বাঁধন জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করেন বলেও অভিযোগ বাঁধনের। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

এ সময় বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেন বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনার তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে একদল ব্যক্তিকে নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করতে দেখা গেছে। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই শিল্পীদের নিরাপত্তা ও পারস্পরিক ঐক্যের বিষয়টি সামনে এনে বক্তব্য দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। তার বক্তব্যে মব বা সংঘবদ্ধভাবে কোনো শিল্পীকে হেনস্তা করার বিরোধিতার পাশাপাশি বিপদের সময় সহকর্মীদের পাশে থাকার আহ্বানও উঠে এসেছে।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া আজমেরী হক বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময়ই ইতালিতে তাকে হেনস্তার অভিযোগ সামনে এলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন