গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
আদালত জানিয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে বাশার আল-আসাদের সরকারের অধীনে সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে সংঘাত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং এতে লাখ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হন। দেরা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মধ্য দিয়েই সিরিয়ার বিদ্রোহের সূচনা হয়েছিল।
আদালতের এই রায় সিরিয়ার সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন অপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বার্তা বাজার/এআর






