যুক্তরাষ্ট্রের রণতরীতে মার্কিন সৈন্যদের মাঝে ভয়াবহ সংঘর্ষ, ৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন এই রণতরীতে সৈন্যদের অভ্যন্তরীণ সংঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া সৈন্যদের সংঘাত ও হাতাহাতিতে আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কয়েক মাস ধরে এ অঞ্চলে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মাঝে সহিংস ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে।
ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সহিংস এই সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর ৭ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকায় সৈন্যদের মাঝে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হয়েছে। সংঘর্ষের ওই ঘটনা মার্কিন সামরিক বাহিনীর ভেতরের অসন্তোষকে প্রকাশ্যে এনেছে।
সামরিক একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, রণতরীটি দীর্ঘদিন ধরে মোতায়েন থাকায় সৈন্যদের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে উদ্ভূত বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীতে যান। তিনি সেখানে পৌঁছানোর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীতে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে ভুয়া বলে স্লোগান ও দুয়োধ্বনি দেন সৈন্যরা। এমনকি তাকে লক্ষ্য করে পানির বোতলও ছুড়ে মারা হয়। এই সংঘাত পরবর্তীতে কর্মীদের মাঝে হাতাহাতি এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রের সংঘর্ষে রূপ নেয়। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
তাসনিম নিউজ এজেন্সি বলেছে, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ পরিবেশ এখনও উত্তপ্ত ও অস্থিতিশীল রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর গত ২৬৩ দিন ধরে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মার্কিন এই রণতরী ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে রণতরীটি।
গত জুলাইয়ে ওমানে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর আধুনিক যুগে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর টানা সবচেয়ে দীর্ঘ মোতায়েনের অংশ হিসেবে সমুদ্রপৃষ্ঠে টানা ২০৮ দিন কাটিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সূত্র: মেহের নিউজ।






