ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজনীতিমুক্ত শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বিএনপি

Authorনিউজ রুম

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

রাজনীতিমুক্ত শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বিএনপি

রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীকে আমরা সব বিতর্ক এবং রাজনীতিমুক্ত রাখতে চাই। আমরা যদি সত্যিকারভাবে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে পেশাদারত্বের ওপর জোর দিতে হবে এবং অবশ্যই তাদের রাজনীতির বাইরে রাখতে হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে দেশের প্রতিরক্ষা নীতি কেমন হবে তা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পলিসি চালু করতে চাইছি। বিএনপি বিশ্বাস করে, সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগোপযোগী সক্ষমতা গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনীই কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। সশস্ত্র বাহিনী যেন উন্নয়ন ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ইশতেহারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী, চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা, জাতীয় নিরাপত্তা কৌশল, যুগোপযোগী প্রতিরক্ষা নীতি ও ডকট্রিন, শক্তিশালী বিমান বাহিনী ও নৌ বাহিনী গঠনের কথা বলা হয়।

এ ছাড়া সমুদ্র নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল, গণতান্ত্রিক সামরিক ও বেসামরিক সম্পর্কের সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করার বিষয়ে বিএনপির ভবিষ্যৎ অবস্থান স্পষ্ট করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!