খাগড়াছড়ি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ২৯৮নং সংসদীয় আসনের অতি দুর্গম এলাকায় অবস্থিত কেন্দ্র তিনটি হলো- দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি কেন্দ্র।
সোমবার দুপুরে প্রথমে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নির্বাচনী সরঞ্জাম নিয়ে লক্ষীছড়ি জোনের হেলিপ্যাড থেকে শুকনাছড়ি কেন্দ্রে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে একই হেলিকপ্টারের সাহায্যে ফুত্যাছড়ি এবং দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাবেন নির্বাচন কাজে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জামই নয়, হেলিকপ্টারে করেই সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদেরও ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।
এরইমধ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি নিয়মিত বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ১১৪ জন। আগামী ১২ ফেব্রুয়ারি জেলার ২০৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে প্রশাসন সর্বশেষ ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।






