ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটের আগ মুহূর্তে জগদীশ বড়ুয়ার প্রতি সমর্থন প্রত্যাহার লেবার পার্টির

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

ভোটের আগ মুহূর্তে জগদীশ বড়ুয়ার প্রতি সমর্থন প্রত্যাহার লেবার পার্টির

ভোটের দুই দিন আগে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জগদীশ বড়ুয়ার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বাংলাদেশ লেবার পার্টি। তিনি লেবার পার্টির মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সই করা চিঠিতে বিষয়টি কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানকে জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক প্রক্রিয়ায় লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তে জগদীশ বড়ুয়ার প্রতি সমর্থন প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে জগদীশ বড়ুয়া যেন বাংলাদেশ লেবার পার্টির নাম, প্রতীক, পরিচয় বা দলীয় অনুমোদনের ভিত্তিতে নির্বাচনী প্রচার, এজেন্ট নিয়োগ, ভোটকেন্দ্রে কার্যক্রমসহ কোনো ধরনের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালাতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়।

কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এ ধরনের চিঠির কোনো আইনগত ভিত্তি নেই।

তিনি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপার ছাপা হয়ে গেছে। এখন আর কিছু করার সুযোগ নেই।’

জগদীশ বড়ুয়া এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে তিনি ‘মঙ্গল পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করলেও দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, তবে সে সময় তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!