নির্বাচনের আগ মুহূর্তে গোপালগঞ্জের আটটি ভোটকেন্দ্র ও এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার রাতে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জিসান মোল্লা (২৪) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে যৌথবাহিনী।
যেসব কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে সেগুলো হলো–গোপালগঞ্জ পৌরসভার বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাইস্কুল কেন্দ্র, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর হাই স্কুল কেন্দ্র, ঘোষেরচর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেন, জেলার পাঁচ থেকে সাতটি স্থান বা তারও বেশি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা-সংলগ্ন বাগানের পাশের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
তবে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।






