আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শনের সময় এ তথ্য জানান। এদিন শ্যামনগরের মহসীন কলেজে স্থাপিত বিজিবি ক্যাম্প পরিদর্শন এবং জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিজিবি একটি পেশাদার ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। ভোটাররা যাতে নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।’
সভায় আরও জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখে সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রস্তুতির বিষয়ে মহাপরিচালক জানান, এবার হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি অন ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অনুশীলন কাজ শেষ করেই মাঠে নেমেছে বিজিবি।
সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।






