আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
এ সময় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. ইউসুফ সোহেল। তবে নির্বাচন কমিশন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখে।
ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত প্রার্থী হাইকোর্টে রিট করলে আদালত তা খারিজ করে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলেও তা খারিজ হওয়ায় কায়কোবাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বহাল থাকল।






