গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরব।’
মঙ্গলবার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ ছাড়া, বিদেশি সাংবাদিকদের সহায়তায় বিমানবন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘এই মুহূর্তে দায়িত্বশীল সাংবাদিকতা জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়, জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।’
তিনি জানান, এ পর্যন্ত ১৯টি দেশ থেকে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে এসেছেন। তাদেরকে সহায়তা করা এবং নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। মিডিয়া সেন্টার থেকে নির্বাচনের বিষয়ে তথ্য সরবরাহ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন বিষয়ে সকল তথ্য আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখানে আসবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহায়তাপূর্ণভাবে কাজ করে আসছি যাতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।






