বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার নিজ সংসদীয় আসনে ভোট দেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির।
শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর আমির এবং ১১-দলীয় জোটের প্রধান। তাকে নির্বাচনী প্রচারের জন্য দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়েছে। তফসিল ঘোষণার আগ থেকেই তিনি দেশের বিভিন্ন জেলা ও শহর সফর করেছেন এবং দলীয় ও জোটের জনসভায় বক্তব্য দিয়েছেন। তবে নির্বাচনের দিন তিনি নিজ আসনে থাকবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।






