ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত সম্পৃক্ততার অভিযোগে বিতর্কিত প্রাক-নির্বাচনী জরিপ

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

জামায়াত সম্পৃক্ততার অভিযোগে বিতর্কিত প্রাক-নির্বাচনী জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত একটি প্রাক-নির্বাচনী জনমত জরিপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামে একটি প্রতিষ্ঠানের প্রকাশিত এই জরিপের পেছনে জামায়াতপন্থি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে এ ধরনের অভিযোগ সামনে এসেছে, যা জরিপটির নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

নির্বাচনের মাত্র দুই দিন আগে সোমবার ‘প্রাক-নির্বাচনী জনমত জরিপ ’শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। জরিপে বলা হয়, বিএনপি জোটকে সমর্থন করেছেন ৪৪.১ শতাংশ এবং জামায়াত জোটকে ৪৩.৯ শতাংশ মানুষ। পাশাপাশি বিএনপি জোট ১০১ আসন এবং জামায়াত জোট ১০৫ আসনে জয়লাভ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। আরও ৭৫টি আসনে দুই জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ১৯টি আসনে অন্যরা জিততে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন সাংবাদিকদের বলেন, দেশের ৩০০ আসনের ৬৩ হাজার ৬১৫ জনের ওপর র‌্যান্ডমভাবে এই জরিপ চালানো হয়েছে। এতে সহযোগিতা করেছে ‘প্রজেকশন বিডি’ও ‘জাগরণ’নামে দুটি প্রতিষ্ঠান। নির্বাচনের এত কাছাকাছি সময়ে জরিপ প্রকাশ জনমত প্রভাবিত করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থিতা চূড়ান্ত হতে দেরি হওয়ায় জরিপ সম্পন্ন করতেও সময় লেগেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে শফিউল আলম শাহীনের সঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সম্ভাব্য সংযোগের দাবি উঠে এসেছে। অনলাইনে অনেকেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বলে উল্লেখ করেছেন। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ২০২২ সালের এক ফেসবুক পোস্টে তাকে ‘ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং’এর মহাপরিচালক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে শিবির-সম্পৃক্ত সংগঠন হিসেবে আলোচিত। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে শিবিরের বর্তমান নেতাদের সঙ্গেও তার উপস্থিতি নিয়ে ফেসবুকে একাধিক ছবি ও পোস্টও ঘুরে বেড়াতে দেখা গেছে। একই সঙ্গে তার অনলাইন সমর্থকদের কিছু পোস্টে ‘ইসলামী শরিয়া বাস্তবায়নে কাজ করার’আহ্বান জানাতে দেখা গেছে।

জরিপে সহযোগিতাকারী আরেক প্রতিষ্ঠান ‘জাগরণ’এর চেয়ারম্যান শরীফ হাসান আল বান্না একই সঙ্গে ইসলামিক ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (আইআইডিআর) চেয়ারম্যান বলেও সামাজিক মাধ্যমে উল্লেখ রয়েছে। অন্যদিকে ‘প্রজেকশন বিডি’নামে যে ফেসবুক পেজকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে, সেটি গত মাসে নতুন খোলা হয় এবং আইআইএলডি’র প্রচারণা ছাড়া অন্য কোনো কার্যক্রম সেখানে দেখা যায়নি।

সর্বশেষ, জামায়াতের আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই জরিপের ফলাফল বুস্ট করে প্রচার করা হচ্ছে বলেও দেখা যাচ্ছে। ফলে জরিপটির নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনের ঠিক আগে একটি নির্দিষ্ট পক্ষের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা প্রতিষ্ঠানের জরিপ প্রকাশ ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে।

জরিপ প্রতিবেদনে ধর্ম, লিঙ্গ ও অঞ্চলভিত্তিক সমর্থনের বিভিন্ন চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে জামায়াত জোটের সমর্থন বেশি, আর হিন্দু ও বৌদ্ধদের মধ্যে বিএনপি জোটের সমর্থন বেশি।

গণভোট বিষয়ে জরিপে বলা হয়, প্রায় ৭৫ শতাংশ মানুষ এ বিষয়ে সচেতন এবং তাদের মধ্যে ৮৯ শতাংশ ‘হ্যাঁ’ভোট দিতে পারেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা প্রশ্নের কারণে জরিপটির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!